
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার ( ৩১ জানুয়ারি ) রাত ৮ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদ ও গোপালপুর উপজেলার শফিউর ইসলাম।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শনিবার রাতে হামিদপুর এলাকায় একটি ট্রাক গ্যারেজ থেকে বের হওয়ার সময় সড়কে ওঠার মুহূর্তে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি ট্রাকের পেছনে সংঘর্ষ হয়। এতে সিএনজি সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এ সময় সিএনজি চালক ও সামনে বসা দুই যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




