নেত্রকোনার মোহনগঞ্জে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে প্রায় এক যুগ ধরে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বকুল চন্দ্র সরকার (৪৫)। অবশেষে শেষ রক্ষা হলোনা তার। ধরা পড়লেন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ২৮৬ বোতল মাদকের একটি চালানসহ তাকে গ্রেফতার করে। বকুল উপজেলা বাজারের তুলাপট্টিতে নামদারী হোমিওপ্যাথিক চিকিৎসক।
সূত্র জানায়, শনিবার মোহনগঞ্জ থানা পুলিশ ও নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ২৮৬ বোতল মাদকের একটি চালানসহ বকুলকে গ্রেফতার করে। এ সময় মাদকের চালান বহনকারী টাঙ্গাইল ট্রান্সপোর্ট অ্যাজেন্সির ম্যানেজার মেসার্স টাঙ্গাইল ট্রান্সপোর্ট অ্যাজেন্সির পরিচালক দেওথান গ্রামের মো: আবুবকর ছিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বারহাট্টার সদরপুর গ্রামের মো: সুজাত মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক তার পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, দীর্ঘ এক যুগের ওপরে মাদকের কারবার করে আসছেন বকুল। তার এই কারবারে আরো অনেকেই জড়িত। তার পেছনে প্রভাবশালী ব্যক্তি থাকায় তুলা পট্টির অন্য দোকানদাররা এ ব্যাপারে তাকে কিছু বলার সাহস দেখায় না।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন জানান, মাদকের বোতলে হোমিওপ্যাথি ওষুধের লেভেল লাগিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা করে আসছেন বকুল সরকার। তার সাথে আরো অনেকেই থাকতে পারে। তদন্ত শেষে কারো সম্পৃক্ততা পেলে আইনের আওতায় আনা হবে।