চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়ি থেকে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানের সময় ওই ছাত্রদল নেতা বাড়িতে ছিলেন না। এসময় তার ভাই মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিমকে (২৮) গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো. মফিজুর রহমান ও মো. জুবায়ের করিম ওই এলাকার আবুল হাশেমের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টিম ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ির ছাদের এক কোণায় রক্ষিত একটি বস্তা থেকে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।
এদিকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে সেনাবাহিনীর চলমান অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা শংকা প্রকাশ করে জানান, এই চক্রের হাতে আরও অস্ত্র থাকতে পারে। এই অবৈধ অস্ত্র পুরোপুরি উদ্ধার করা না গেলে আগামী নির্বাচনে তা ব্যবহার হবে। ফলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রচেষ্টা ব্যাহত হবে।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বিষয়টি নিশ্চিত করেন বলেন, উদ্ধারকৃত মালামালসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে এ অভিযান চলমান থাকবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল হক জানান, সেনাবাহিনী উদ্ধারকৃত দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা ও গ্রেফতারকৃত মো. মফিজুর রহমান ও মো. জুবায়ের করিমকে থানায় সোপর্দ করেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।