চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ইয়াবাসহ মো. কামাল প্রকাশ পিচ্চি কামাল (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিচ্চি কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল মাদক কারবারি পিচ্চি কামালের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় বসতঘরে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, একই অভিযানে রাকিব নামে একব্যক্তির বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অভিযুক্ত রাকিব ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নি। রাকিবের বাড়ি ঢেমশা ইউনিয়নের বলে জানা গেছে।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদক এবং গ্রেফতারকৃত মো. কামাল প্রকাশ পিচ্চি কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি রাকিবকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।