চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাইসহ দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সাড়ে ১১টায় নগরীর পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি প্রবেশ গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)।
শাহাব উদ্দিন শাবু ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকার বাসিন্দা। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বসবাস করতেন। তিনি কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে মো. পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই এবং দ্রুত বিচার আইনে মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।