যশোরের শার্শা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণ। উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ৬ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি নেতা-কর্মীরা জামায়াতে যোগদান করেন।
জনসভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন মেম্বারসহ ৬ জন নেতা-কর্মী শার্শা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন।
যোগদানের বিষয়ে শার্শা উপজেলা জাময়াতের সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, জামায়াত ইসলামীর প্রতি আস্থা, বিশ্বাস ও আগামীতে জামায়াত যে দেশ পরিচালনা করবে এ কারনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছেন। নির্বাচনে আগে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি,ইসলামি আন্দোলন ও অনান্য দল থেকে আরো অনেকে জামায়াতে ইসলামীতে যোগদান করবে। আমরা সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।
নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মুঠোফোনে জানান,জামায়াতে যোগদানকারী জালাল উদ্দীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ দিন আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।