ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় বিশাল গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জোটের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।
জোটের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। পরে একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জোটের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। এলাকার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা পুরো এলাকায় একটি নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র আহবায়ক মংসাপ্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মোঃ ইব্রাহিম, লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়হ নাজমুল হাসানসহ প্রমুখ।
এ সময় বান্দরবান ৩০০নং আসনের ১১ দলীয় জোটের মনোনিত পার্টি প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, আপনারা আমাকে ভোট দিন। আমি সরকারী সেবাসহ সকল ধরণের সেবা আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিবো। আমি এমপি হলে আপনারা অফিসে আসলে আপনাদের অপেক্ষা করতে হবেনা, আমি এগিয়ে গিয়ে কাজ করে দিবো। আমাকে একবার ভোট দিয়ে সুযোগ দিন। আজকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ।
তিনি আরো জানান, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ।
তিনি বলেন, জনগণের দাবি আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আজকের এই জনতার ঢল প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। জনতার এই স্বপ্ন বাস্তবায়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।