বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) ও পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে একটি ট্রাক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক মো. আলমগীর ও সহকারী আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকালে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি দুটি অপমৃত্যুর মামলা করা হয় বলে জানান তিনি।