বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফ্রেরুয়ারি) বিকেলে গজালিয়া এলাকায় সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান ও সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম অভিযোগ করেন, চাকরি দেওয়া এবং পদমর্যাদা (র্যাংক) বৃদ্ধির নামে অবৈধভাবে অর্থ গ্রহণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে সদস্যদের চাকরি থেকে অব্যাহতি প্রদান, প্লাটুনের আওতাধীন এলাকার মূল্যবান গাছ কাটা ও চুরি, সরকারি জায়গা অবৈধভাবে দখল, অধস্তন সদস্যদের সাথে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং মানসিক নির্যাতন চালানো, নিজেকে সেনাবাহিনীর ‘সোর্স’, মানবাধিকার কর্মী কিংবা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং প্রশাসনিকভাবে হেনস্তার অভিযোগে আমাদের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি দাবি করেন, গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রহমত আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হামিদুর রহমান ও যুবলীগ সদস্য নুরুল আলম ব্যক্তিগত আক্রোশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। তারা আমাদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণের ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লামা উপজেলা আনসার ভিডিপি কমান্ডার হাজেরা আক্তার জানান,বিষয়টি আমরা জেনেছি আমাদের তদন্ত টিম এলাকা পরিদর্শন করেছে। তদন্তশেষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।