বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বাঙালিরা ভাষার স্বাধীনতা পেয়েছি। ভাষা শহীদের আত্মত্যাগ ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা আমাদের রক্তে মিশে আছে। তাই পরাধীনতার শিকলে কখনো বাঙালিদের দমিয়ে রাখতে পারেনি।
শনিবার (২১ ফেব্রুয়ারী) বেলা ২ টায় সাতকানিয়ার কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম ও সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ ইলিয়াছ সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন, জনগণ সংস্কারের জন্য গণভোট দিয়েছে। কিন্তু বিএনপি জনগণের সাথে তামাশা করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। জনগণ ১৯৫২ সালে রক্ত দিয়েছে, ১৯৭১ ও ১৯৯০ সালে রক্ত দিয়েছে, সর্বশেষ ২০২৪ সালে রক্ত দিয়ে প্রমাণ করে জনগণের সাথে টালবাহানা করে দমন করা যাবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতেই হবে। অন্যথায় পুনরায় সরকারকে রাজপথে মোকাবেলা করবে। জনগণের বিজয় হবে, ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। তাই জুলাই শহীদদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দল মত নির্বিশেষে সকলেই জনগণের কল্যাণে কাজ করার আহবান জানাচ্ছি।