নীলফামারীতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভবানন্দহাট এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন- চওড়া বড়গাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামী আন্দোলনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা সম্রাট, ছাত্রদলের সাবেক ইউনিয়ন সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ১, ২, ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল ও ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থক। এছাড়া ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মন্টু রাম রায়ও জামায়াতে যোগদান করেন।
জামায়াতে যোগদানকারী বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। তারা ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়ন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছেন।
অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, ‘বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জামায়াতে যুক্ত হয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি। জামায়াতের আদর্শ ও জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।’
ইউনিয়ন আমির হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ।