চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমাদের সততার প্রমাণ দিতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তবে ভোটের দিন কোনো অভিযোগ শুনতে চাই না। আপনার দায়িত্ব আপনাকেই বুঝে নিতে হবে।
তিনি বলেন, আমরা কোনো ব্যক্তির দাসত্ব নয়, রাষ্ট্রের দাসত্ব করব। যে তরুণ রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে দিয়েছে, তার কথা মনে রেখে দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে কোনো সমস্যা হলে পাঁচ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে। ১২ তারিখ ভোট শেষ করে মানুষের প্রত্যাশা পূরণ করে ঘরে ফিরবেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোস্তাক আহমদ এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।