ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওকে এক নম্বর প্রায়োরিটি দিয়ে এ জেলার উন্নয়নে কাজ করবো। এ জেলায় কলকারখানা নির্মাণ করে যুবকদের কাজের সংস্থান করতে চাই।
মঙ্গলবার (০৩ ফ্রেরুয়ারি) বেলা ১২ টায় ঠাকুরগাঁও পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। এরা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে দেশের লাখলাখ মানুষকে খুন করেছে। আমাদের বাড়ির সবকিছু তছনছ করে নিয়ে গেছে। পেট্রোল পাম্পের ট্যাংক তুলে নিয়ে গেছে, ট্রাক নিয়ে গেছে, রাখেনি কিছুই।
তিনি বলেন, স্বাধীনতার পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে। বিএনপি ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব না।
তিনি আরও বলেন, ৭১ কে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। একাত্তর আমাদের অনেক কিছু দিয়েছে। অনেক সুযোগ সৃষ্টি করেছে।
এ সময় পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও ছাত্রদলের জেলা সভাপতি কায়েস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।