ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের পরাজয়ের কারণ নিয়ে আলোচনা সভায় নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। এরমধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বিএনপির দলীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজিত হওয়ার কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় সভায় মহারাজপুর ইউপি চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা থানার মধ্যে ঢুকে পড়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় তিন পুলিশ সদস্য। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ‘বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তারা থানায় ঢুকে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’