চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী হালিমা আক্তার রুহি (৩০)-কে ছুরিকাঘাতে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী জহিরুল ইসলাম।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী হালিমা আক্তার রুহি ও অভিযুক্ত স্বামীর জহিরুল ইসলামের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়। স্বামীর জহিরুল ইসলাম পেশায় লেগুনা চালক।
জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী জহিরুল ইসলাম ও স্ত্রী হালিমা আক্তার রুহির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী হালিমা আক্তার রুহিকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রুহির মৃত্যু হয়। ঘটনার পর স্বামী জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।