টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
রবিবার (০১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাহীনের মৃত্যু হয়। নিহত শাহীন উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
নিহতের স্ত্রী তাসলিমা রবিবার দুপুর ১টার দিকে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রান্নাঘরের টিন নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে দেবর আলম লাঠি দিয়ে শাহীনকে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী তাসলিমা বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে ঘাটাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।