নড়াইলের লোহাগড়ায় গুলি করার হুমকি দিয়ে গরু চুরির অভিযোগে রফিকুল ইসলাম নামের এক বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার সারুলিয়া গ্রাম থেকে তাকে আটক করে বুধবার (১৮ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্তের গোয়ালঘর থেকে গরু চুরি করতে আসে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাদের গুলি করার হুমকি দিয়ে গরু নিয়ে যায়।
স্থানীয় মসজিদের মাইকে চুরির কথা জানিয়ে ঘোষণা দিলে গ্রামবাসী চোর চক্রকে ধাওয়া দেয়। এ সময় চোরের দল পালিয়ে যায়। তবে গ্রামবাসী বাগান থেকে একটি গরু উদ্ধার করেন।
ভুক্তভোগীর গোয়াল ঘরে লাগানো সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি করলে তাদের গুলি করার হুমকি দিচ্ছে চোর চক্রের সদস্যরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা সারুলিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বিএনপি কর্মী। তবে একই ইউনিয়নের বাসিন্দা ও লোহাগড়া উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলীর দাবি, রফিকুল বিএনপি রাজনীতিতে জড়িত নয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সারুলিয়া গ্রামের রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।